স্টাফ রিপোর্টার:সৌরভ হাসান হাসিব
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মো. জয় হাসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। রাত ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জয় শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জয় ও তার বন্ধুরা সরকার মাঠে ফুটবল খেলছিল। ওই সময় স্থানীয় মোজাম্মেল হক রামদা হাতে মাদকাসক্ত অবস্থায় এসে হুমকি দেয় জুনায়েদ নামে এক কিশোরকে। জয় প্রতিবাদ করলে মোজাম্মেল তাকে কুপিয়ে তিন ভাগ করে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
রাত ১০টার দিকে জয়সহ কয়েকজন মাঠের পাশে সরকার মার্কেটে গেলে, মোজাম্মেল আবার সেখানে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এরপর তার বড় ভাই আজিজুল ধারালো ছুরি এনে মোজাম্মেলের হাতে দেয়। তাৎক্ষণিকভাবে মোজাম্মেল জয়কে লাথি মেরে ফেলে দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়।
নিহতের বাবা বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, “মাদকাসক্ত কয়েকজন যুবক আমার ছেলেকে নির্মমভাবে ছুরিকাঘাত করে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে অণ্ডকোষে আঘাত করে। আমি এই হত্যার বিচার চাই।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”