জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে (সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে) যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও বিজিবি।
বুধবার ভোরে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সাকিব ছাড়াও ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়নকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা, ফেনসিডিল, বিদেশি মদ, ৪টি মোটরসাইকেল, মোবাইল ফোন, ৩টি বল্লম ও একটি রামদা।
বিজিবি সূত্র জানায়, সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মা*দক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। সীমান্ত এলাকায় তার একটি সক্রিয় চক্রও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।