নিজস্ব প্রতিনিধি,টুটুল আহমেদঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি অবৈধ কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্য দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২২শে সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি অবৈধ কারখানার সেমি পাকা টিনশেড কেমিক্যালের গোডাউনে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন-ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মোঃ শামীম, মোঃ নুরুল হুদা, মোঃ জয় হাসান। তবে দগ্ধ কারখানার এক কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে অবৈধ কেমিক্যাল গোডাউনে হঠাৎ আগুন লাগে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস সহ সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ঐ কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের তিনিজন ফায়ারফাইটার ও একজন অফিসারসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে কাজ করছেন। তাদের মধ্যে তিনজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।