গাজীপুরে ৫ মণ মাংসসহ জীবিত উদ্ধার ৩৭ ঘোড়া
নিজস্ব প্রতিবেদক,সুজন আহমেদঃ
গাজীপুরে আবারও নিষিদ্ধ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ৫ মণ মাংসসহ ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকার একটি গোপন কসাইখানায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর সহযোগিতায় র্যাব-১ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এ চক্রের মূল হোতা শফিকুল ইসলামসহ অন্যরা পালিয়ে যায়।
আরো পড়ুন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধার করা ঘোড়া এবং জব্দ মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী সময় সেগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধার হওয়া ঘোড়াগুলোর অধিকাংশই অসুস্থ যা মানব দেহের জন্য ক্ষতিকর।
জানা যায়, চলতি বছরের শুরু দিকে গাজীপুরের হায়দরাবাদে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি জানাজানি হয়। পরে জেল প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। এরপর কয়েকদিন বন্ধ থাকলেও ফের গোপন কসাইখানায় আবার ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়।
গত মাসে অভিযান চালিয়ে জবাই করা মাংস ও কয়েকটি ঘোড়া জব্দ করে বিক্রেতা শফিকুল ইসলামকে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাতেও বিক্রি বন্ধ না করে আরো বড় আকারে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিলেন শফিকুল ইসলাম।