স্টাফ রিপোর্টার:সৌরভ হাসান হাসিব:
রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাঈদ মামুনকে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি এসে মামুনকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদরঘাট থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে।
পুলিশ জানিয়েছে, নিহত সাঈদ মামুন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার নামে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলাও রয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সংঘটিত হতে পারে। হামলাকারীদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।