গাজীপুর থেকে সহকারী সম্পাদক আলীহোসেন
গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজ বর্তমানে হকারদের দখলে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, ফুটওভার ব্রিজের গড়ে ওঠা দুটি মার্কেটকে কেন্দ্র করে অসংখ্য হকার ব্রিজের পুরো অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন।
ফলে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করলেও হকারদের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন।
স্থানীয়দের দাবি, প্রশাসন যদি ফুটওভার ব্রিজের গড়ে ওঠা ওই দুটি মার্কেটের অবৈধ দখল ও হকারদের উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে পুরো ফুটওভার ব্রিজই দখলমুক্ত রাখা সম্ভব হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ফুটওভার ব্রিজটি আবারও পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা যায়।