সিলেট থেকে নিজস্ব প্রতিবেদন
আসন্ন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সংবাদকর্মী ও সমাজসেবক সাংবাদিক মোঃ তোফায়েল আহমেদ। শৈশব থেকেই মানুষের কল্যাণে কাজ করার অদম্য ইচ্ছা ও জনদরদী মনোভাব তাঁকে সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষে পরিণত করেছে।
গাজীপুর ওয়েলফেয়ার যুব সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে একটি সুনামধন্য সামাজিক প্রতিষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। পেশাগত জীবনে তিনি একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর লেখনী সবসময় শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার থেকেছে। এলাকায় তিনি বিনয়ী, পরোপকারী ও মানবিক গুণাবলীর জন্য সর্বমহলে সুপরিচিত।
নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সাংবাদিক তোফায়েল আহমেদ বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমি মানুষের জন্য কাজ করতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, একজন শিক্ষিত ও সচেতন জনপ্রতিনিধি হিসেবে বালাগঞ্জবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে এই উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন মডেল উপজেলায় রূপান্তর করতে পারব।”
এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তোফায়েল আহমেদ ছোটবেলা থেকেই মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। একজন কলম সৈনিক যখন মাঠপর্যায়ে জনগণের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়।
উপজেলার সচেতন মহলের মতে, নতুন প্রজন্মের এই নেতৃত্ব বালাগঞ্জ উপজেলার উন্নয়ন, সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন নির্বাচনী মাঠে তোফায়েল আহমেদ কতটা আস্থা ও সমর্থন অর্জন করতে পারেন, সেদিকেই তাকিয়ে আছে বালাগঞ্জবাসী।