গাজীপুর থেকে রাজু আহমেদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর এর আয়োজনে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।১৩ মার্চ ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের আহ্বায়ক তমিজ উদ্দিন তনু। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গাজীপুর মহানগর শাখার সভাপতি এবং শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ গাজীপুরের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম। এছাড়াও বক্তব্য রাখেন পরিষদের নেতৃবৃন্দ ফিরোজ আলী আহমেদ, আশরাফুজ্জামান, মোস্তফা কামাল, আমজাদ হোসেন, শ্রমিক নেত্রী ফেরদৌসী, লুৎফর রহমান, কবির হাওলাদার, মোশারফ হোসেন, হাবিবুর রহমান হাবিব ও আনোয়ার হোসেন।বক্তারা বলেন, ডার্ড গ্রুপ, সিজন্স ড্রেসেস লিমিটেড, বিএইচআইএস অ্যাপারেল লিমিটেড, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং লিমিটেড, এইচডিবি এফ অ্যাপারেল লিমিটেডসহ বিভিন্ন কারখানায় দীর্ঘদিন ধরে শ্রম অসন্তোষ চলমান রয়েছে। এসব কারখানার শ্রমিকরা দীর্ঘ সময় ধরে বেতন-বোনাস না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু চলমান এই শ্রম অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।নেতৃবৃন্দ আরও বলেন, ভালুকায় অবস্থিত শেফার্ড জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের ন্যায্য বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করলে মালিকপক্ষ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু শ্রমিক গুরুতর আহত হন এবং কয়েকজন শ্রমিকের হাত-পা ভেঙে যায়। আহত শ্রমিকদের অনেকেই বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিক নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে নেতৃবৃন্দ ঈদের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া বেতন-বোনাস পরিশোধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কর্মহীন শ্রমিকদের বেকার ভাতা প্রদান এবং বন্ধ কারখানা দ্রুত চালু করার জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানান।বার্তা প্রেরক:
মোঃ দেলোয়ার হোসেন সদস্য সচিব শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর।