সানজিদা রুমা :
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহম্মেদ বলেছেন, দলের দুঃসময়ে যারা মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করে রাজপথে ছিলেন, দলের উচ্চ পর্যায়ের নেতারা সেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।শুক্রবার রাজধানীর উত্তরায় রূপসী বাংলা টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি সানজিদা রুমাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
এম কফিল উদ্দিন আহম্মেদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জীবনবাজি রেখে লড়াই করেছেন। অনেকেই বছরের পর বছর ফেরারি জীবন কাটিয়েছেন, কারাগারে গেছেন, পরিবার-পরিজন নিয়ে কষ্ট করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ নীতিনির্ধারক নেতারা এই ত্যাগের কথা ভুলবেন না।
তিনি আরও বলেন, দল যখন তখন ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সামনে রেখেই দেশ গড়ার কাজ করতে হবে। পদ-পদবি বড় কথা নয়, দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের সম্মান জানানোই হবে আসল মূল্যায়ন।ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা জানান, বিগত ১৫ বছরে তিনি নিজেও অসংখ্য মামলার শিকার হয়েছেন এবং কয়েক দফা কারাবরণ করেছেন। তারপরও গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই থেকে এক পা-ও পিছপা হননি।
ঢাকা উত্তরের রাজনীতিতে সক্রিয় এম কফিল উদ্দিন আহম্মেদ ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন
সাক্ষাৎকারে তিনি উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যা সমাধানে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।