জেলা প্রতিনিধি:খুলনার ডুমুরিয়ায় অসুস্থ ও মরা গরু জবাই করে বিক্রির অভিযোগে ৩ কসাইকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার নরনিয়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। এসময় জব্দকৃত প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— চাকুন্দিয়া গ্রামের মোস্তাক গাজী (৪৫), বাদুড়িয়া গ্রামের ইয়াকুব সরদার (৫২) ও কেশবপুর এলাকার সাইফুল ইসলাম মোড়ল (২২)। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির, ডাঃ পপি রায়, চুকনগর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।
প্রতারণার মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে খুলনা, বরিশাল, গোপালগঞ্জ ও পিরোজপুরের বিভিন্ন হোটেলে অসুস্থ ও মরা গরুর মাংস সরবরাহ করছিলো। শনিবার রাতে নরনিয়া গ্রামের একটি সেমিপাকা ঘরে গোপনে তিনটি গরু জবাই করে হোটেলগুলোতে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলো তারা। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় এবং মাংসসহ দুটি বড় ডিপ ফ্রিজ জব্দ করা হয়।
এ চক্রের মূলহোতা গোপালগঞ্জের নাছির উদ্দিন ও তার প্রতিনিধি ইমান আলী অভিযানের সময় পলাতক ছিলেন। উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তদের দণ্ড দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন জানান, চুকনগর বাজারে কসাইখানা স্থাপনের দাবি দীর্ঘদিনের, কিন্তু বাস্তবায়ন হয়নি, ফলে এধরনের অনিয়ম বন্ধ করা যাচ্ছে না।