জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালিমান্দ্রা এলাকায় র্যাব-১০ এর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৬০ হাজার টাকা মূল্যের দুই শত পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিফাত খন্দকার (২৬), পিতা- মোঃ সেলিম খন্দকার, সাং- দাড়িয়াল, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং মোঃ সাগর (২৬), পিতা- শাহদাত হোসেন চুন্নু, সাং- শৈলপুর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর।
র্যাব সূত্রে জানা গেছে, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।