গাজীপুর থেকে রাজু আহমেদ
গাজীপুর জেলার ইলেকট্রিক ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির ১০ম বার্ষিক মিলনমেলা।
১৮ জানুয়ারি রোববার ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত গ্রীন অরণ্য পার্কে দিনব্যাপী এই উৎসবমুখর মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরানী বাজার ব্যবসায়িক মালিক সমিতির সভাপতি জনাব মো. হারুন চৌধুরী। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মিলনমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম সরকার।
সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ইলেকট্রিক ব্যবসায়ীরা মিলনমেলায় সমবেত হন। মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মাধ্যমে পুরো আয়োজনটি প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। ব্যবসায়িক ব্যস্ততার বাইরে এমন একটি আনন্দঘন দিন কাটাতে পেরে উপস্থিত ব্যবসায়ী সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম সরকার বলেন, “ব্যবসায়িক প্রতিযোগিতার ভিড়ে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধন ভুলে না যাই। এই মিলনমেলা শুধু আনন্দের আয়োজন নয়, এটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। ইলেকট্রিক খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “নবনির্বাচিত কমিটি হিসেবে আমাদের লক্ষ্য থাকবে ব্যবসায়ীদের যেকোনো সংকটে পাশে দাঁড়ানো এবং ইলেকট্রিক খাতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা। আমরা একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও শক্তিশালী ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও ব্যবসায়িক স্বার্থ রক্ষা, বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং সংগঠনের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দিনশেষে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।