গাজীপুর প্রতিনিধি : রাজু আহমেদ
দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের তহবিলের অর্থ বৃহস্পতিবার দুপুরে পে-অর্ডারের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের এই দুর্যোগময় সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মানবিক এ উদ্যোগ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পে-অর্ডার হস্তান্তর করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক এবং সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ (আনন্দ টিভি), সহ-সভাপতি তারিকুল ইসলাম (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল আলম চঞ্চল (মাই টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া (দৈনিক বাংলাদেশের কণ্ঠ), সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী (দৈনিক ঐশী বাংলা), নির্বাহী সদস্য বোরহানউদ্দিন অরণ্য (দৈনিক একুশের সংবাদ), নির্বাহী সদস্য কাজী সাকিল (এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার), মো. মনির হোসেন (দৈনিক বাংলাদেশের আলো)সহ গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করা গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও সংগঠনটি জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেছে।